
ম্যানচেস্টার সিটির আক্রমণভাগে শক্তি বাড়ছে। চোট কাটিয়ে দলে ফেরার অপেক্ষায় আছেন জেরেমি ডোকু। কাফের চোটে কমিউনিটি শিল্ডের পর থেকেই মাঠের বাইরে থাকা এই উইঙ্গার এখন মাঠে ফেরার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন কোচ এনজো মারেসকা।
কারাবাও কাপে বৃহস্পতিবার রাতে নরউইচের বিপক্ষে ম্যাচেই ডোকুকে দেখা যেতে পারে। তবে তাকে শুরুর একাদশে রাখা হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাননি মারেসকা।
নরউইচের বিপক্ষে ম্যাচে তরুণ তিন ফুটবলার কেডেন ব্রেথওয়েট, ফ্লয়েড সাম্বা ও রায়ান ম্যাকাডুকে মাঠে নামানোর ইঙ্গিতও দিয়েছেন সিটি কোচ। নিয়মিতই তারা মূল দলের সঙ্গে অনুশীলন করেন। তবে ম্যাচ খেলার সময় পাওয়ার জন্য কখনো কখনো তাদের সিটির দ্বিতীয় দল ইডিএসেও খেলতে হয়।
মারেসকা বলেন, ‘এই তিন খেলোয়াড় নিয়মিত আমাদের সঙ্গে অনুশীলন করে। তবে কখনো কখনো তারা দ্বিতীয় দল, ইডিএসে খেলে, কারণ তাদের ম্যাচ খেলার এবং মিনিট পাওয়ার প্রয়োজন আছে।’
নরউইচের বিপক্ষে তিনজনই দলের সঙ্গে থাকবেন বলে নিশ্চিত করেছেন তিনি। তবে শুরু থেকে খেলবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়, ‘তারা সবাই আগামীকালের ম্যাচে আমাদের সঙ্গে থাকবে। আমি বলছি না যে শুরু থেকেই থাকবে, তবে তারা আমাদের সঙ্গে থাকবে।’
শেষ অনুশীলন সেশনের পর আরও কয়েকজন তরুণ খেলোয়াড়কে দলে নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন সিটি কোচ। বিকেলের অনুশীলন শেষে দলের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। মারেসকা বলেন, ‘বিকেলে আমাদের একটি অনুশীলন সেশন আছে। এরপর দেখব, আমাদের আরও খেলোয়াড় প্রয়োজন কি না।’







