
ফর্মুলা ওয়ান (এফওয়ান) রেসের সরাসরি সম্প্রচারে এবার উন্নত প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। এ জন্য ডলবি ল্যাবরেটরিজের সঙ্গে অংশীদারত্ব করেছে প্রতিষ্ঠানটি। নতুন এই ব্যবস্থায় রেসের গাড়ির ইঞ্জিনের গর্জন, টায়ারের শব্দ এবং পিট লেনের ব্যস্ততার শব্দ আরও বাস্তবসম্মতভাবে শোনা যাবে।
অ্যাপল জানিয়েছে, ডলবি অ্যাটমসের ত্রিমাত্রিক শব্দপ্রযুক্তির সঙ্গে ডলবি ভিশন প্রযুক্তি যুক্ত করে ঘরে বসে এফওয়ান দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে চায় তারা। এর ফলে রেসের শব্দ বিভিন্ন দিক থেকে আসছে এমন অনুভূতি তৈরি হবে। বিশেষ করে গাড়ির ইঞ্জিনের গর্জন, টায়ারের ঘর্ষণ এবং পিট লেনের বিভিন্ন শব্দ দর্শকের কাছে আরও জীবন্ত মনে হতে পারে।
অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট অলিভার শুসার বলেন, খেলাধুলার সম্প্রচারে প্রযুক্তিগত উদ্ভাবনের সুযোগ এখনও অনেক। অ্যাপল কয়েক বছর আগে খেলাধুলার সম্প্রচারে যুক্ত হওয়ার সময় দর্শকের অভিজ্ঞতায় পরিবর্তন আনার লক্ষ্য নিয়েছিল। এফওয়ান সম্প্রচারে নতুন শব্দপ্রযুক্তি যুক্ত করা সেই উদ্যোগেরই ধারাবাহিকতা।
এফওয়ানের রেস প্রযোজনার দায়িত্ব থাকবে ফর্মুলা ওয়ানেরই। অ্যাপল তাদের প্রযুক্তি অবকাঠামোর মাধ্যমে দর্শকদের কাছে সম্প্রচার পৌঁছে দেবে। ভবিষ্যতের এফওয়ান রেসগুলোতেও উন্নত শব্দ ও ছবির মান ধরে রাখার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
এফওয়ানের যুক্তরাষ্ট্রের সম্প্রচার স্বত্বের জন্য অ্যাপল বছরে আনুমানিক ১৪ থেকে ১৫ কোটি মার্কিন ডলার দিচ্ছে বলে জানা গেছে। এটি এফওয়ান সম্প্রচারে অ্যাপলের প্রথম বছর। এর আগে যুক্তরাষ্ট্রে এফওয়ান রেসের সম্প্রচার স্বত্ব ছিল ইএসপিএনের কাছে।
এফওয়ানকে ঘিরে অ্যাপলের এই উদ্যোগ শুধু সম্প্রচার স্বত্ব কেনার মধ্যে সীমাবদ্ধ নয়। উন্নত ছবি, শব্দ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘরে বসে সরাসরি খেলা দেখার অভিজ্ঞতায় পরিবর্তন আনার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।







