
ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ (আইডব্লিউবি) ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডাব্লিউবিবি ট্রাস্ট) যৌথভাবে আজ ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলে শিশুদের জলবায়ু বিপর্যয়ু বিষয়ে সচেতন করার লক্ষ্যে “পাখি ও ঔষধি গাছ বাঁচাই, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করি” শীর্ষক একটি পোস্টার প্রদর্শনী ও পরিবেশ শিক্ষা কার্যক্রম আয়োজন করা হয়। এতে প্রায় ১৫০ জন শিশু অংশগ্রহণ করে।
পোস্টার প্রদর্শনীতে স্থানীয় পাখি, ঔষধি গাছ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরার পাশাপাশি আলোচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই আয়োজনের মাধ্যমে শিশুরা প্লাস্টিক দূষণ, বন উজাড়, পাখি ও গাছের বাসস্থান এবং জলবায়ু পরিবর্তনের কারণ-ফলাফল সম্পর্কে জ্ঞান লাভ করে।
অনুষ্ঠানে এম এ মান্নান মনির বলেন,শিশুরা যদি ছোটবেলা থেকেই প্রকৃতির সঙ্গে সম্পর্ক বুঝতে শেখে, তবে তারা ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। হাতে-কলমে শেখার মাধ্যমে তাদের আচরণে স্থায়ী পরিবর্তন আনবে।
আয়োজক সংস্থার পক্ষ থেকে সৈয়দা অনন্যা রহমান বলেন, জলবায়ু পরিবর্তন এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শিশুদের পরিবেশ শিক্ষা দিতে পারলে তারা ভবিষ্যতে সচেতন নাগরিক হিসেবে জলবায়ু সংকট মোকাবিলায় নেতৃত্ব দিতে পারবে। কারণ পরিবেশ শিক্ষা শুধু পাঠ্যবইয়ের বিষয় নয় – এটি একটি জীবনদর্শন।






