
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম দাবিদার বার্সেলোনা—এমনটাই মনে করেন অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি। কাতালান ক্লাবটির আক্রমণভাগের শক্তির প্রশংসা করার পাশাপাশি তরুণ তারকা লামিন ইয়ামালকে ভবিষ্যতের বিশ্বসেরা ফুটবলার হিসেবেও অভিহিত করেছেন তিনি।
মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনার মাঠে খেলতে নামবে অ্যাস্টন ভিলা। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে এমেরি বলেন, ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় বার্সেলোনা সব সময়ই শিরোপার অন্যতম দাবিদার। নিজেদের সেরা ছন্দে থাকলে যেকোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রয়েছে দলটির।
এমেরির ভাষায়, ‘চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য পাঁচটি দল বেছে নিতে হলে বার্সেলোনা অবশ্যই সেই তালিকায় থাকবে। অতীতেও তারা ফেবারিট ছিল, এখনো আছে। নিজেদের সেরাটা দিতে পারলে যেকোনো দলকে হারাতে পারে তারা।’
বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকের কাজেও সন্তুষ্টি প্রকাশ করেছেন এমেরি। তার মতে, ফ্লিকের অধীনে দলটির খেলার ধরনে আক্রমণাত্মক ফুটবলের স্পষ্ট ছাপ রয়েছে। একই সঙ্গে দর্শকদের উপভোগ করার মতো ফুটবল খেলছে কাতালান ক্লাবটি।
তবে প্রশংসার পাশাপাশি বার্সেলোনার মাঠে অ্যাস্টন ভিলার সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, এমেরির বক্তব্যে সেটিও স্পষ্ট।







