
১-২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট সামনে রেখে বাংলাদেশ নারী ফুটবল দল আনুষ্ঠানিকভাবে শনিবার থেকে পূর্ণাঙ্গ অনুশীলন শুরু করেছে। এদিন সকালে ব্রিটিশ কোচ পিটার বাটলার জাতীয় স্টেডিয়ামে ঋতুপর্ণাদের অনুশীলন করিয়েছেন। অস্ট্রেলিয়া সফরের আগে থাইল্যান্ডে সপ্তাহ খানেক ক্যাম্প ও একটি অনুশীলন ম্যাচ খেলানোর পরিকল্পনা ছিল বাফুফের। থাইল্যান্ডে ঋতুপর্ণাদের ম্যাচের নিশ্চয়তা না পাওয়ায় বাফুফে ঝুঁকেছিল ফিলিপিন্সে। সেখানে সব কিছু ইতিবাচক থাকলেও কোচ পিটার বাটলার এখন আর অন্য দেশে গিয়ে খেলতে চান না। ফেডারেশনকে তিনি যুক্তি দেখিয়েছেন, ১৩ ফেব্রুয়ারি লিগ শেষ হয়েছে।
ফলে এই সপ্তাহেই ম্যাচ খেললে ফুটবলারদের ইনজুরির শঙ্কা রয়েছে এবং এই ম্যাচের ফলাফল মানসিক চাপ বাড়াতে পারে। কোচের এই যুক্তিতে ফেডারেশন ঢাকায় পাঁচ-ছয় দিন অনুশীলনের পর সরাসরি দলকে সিডনি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘টিম এখন সরাসরি অস্ট্রেলিয়া যাবে। ২০ ফেব্রুয়ারি সিডনির উদ্দেশে রওনা হতে পারে। এর আগে আর অন্য কোনো দেশে যাওয়া হচ্ছে না। সিডনিতে গিয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্থানীয় ক্লাবের সঙ্গে।’ মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়া এশিয়া কাপ নিশ্চিত করে গত বছর জুলাইয়ের প্রথম সপ্তাহে।







