
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সাকলায়েন মিয়া নামের এক ব্যবসায়ীর ভাড়া ঘর থেকে ৬৬ বস্তা সরকারি ভিজিএফের চাল জব্দ করেছে পুলিশ। এ সময় অভিযুক্ত ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার ৩ নম্বর ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাপারকোনা এলাকায় শ্রী রাজিব পালের একটি ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চাল কেনাবেচা করে আসছিলেন সাকলায়েন মিয়া। ঈদ উপলক্ষ্যে সরকারিভাবে সুবিধাভোগীদের মাঝে ভিজিএফ এর ১০ কেজি করে যে চাল বিতরণ করা হয়, তা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করে ওই ব্যবসায়ী মজুত করে রাখেন বলে অভিযোগ রয়েছে।







