
বছরের উষ্ণতম মাস হিসেবে পরিচিত এপ্রিলের প্রথম দিনেই গ্রীষ্মের আগমনী তাপ টের পেলেন রাজধানীর বাসিন্দারা। বুধবার (আজ) সকাল থেকে দিনভর তপ্ত রোদ, ভ্যাপসা গরম ও উচ্চ আর্দ্রতায় নগরজীবনে অস্বস্তি নেমে আসে। তবে দিনের শেষে সন্ধ্যার বৃষ্টিতে ঢাকাবাসীর জীবনে কিছুটা স্বস্তি ফিরেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার (১ এপ্রিল) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ, যা গরমের অনুভূতি আরও বাড়িয়ে তোলে।
এর আগের দিন মঙ্গলবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পার্থক্য খুব বেশি না হলেও দিনের বেলায় তীব্র রোদ আর আর্দ্রতার কারণে জনজীবনে অস্বস্তি ছিল স্পষ্ট।
বিশেষ করে দুপুরের পর রাজধানীর বিভিন্ন এলাকায় গরমের তীব্রতা আরও বাড়তে থাকে। কর্মজীবী মানুষ, পথচারী ও গণপরিবহনের যাত্রীরা ভ্যাপসা আবহাওয়ায় বাড়তি দুর্ভোগে পড়েন।







