
বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলে সংকট শুরু হয়েছে প্রায় দেড় মাস আগে। দোকানগুলোতে আগে বিভিন্ন অপরিচিত ব্র্যান্ডের সয়াবিন তেল দেখা গেলেও এখন চিত্র পুরোপুরি ভিন্ন। আর পরিচিত ব্র্যান্ডের তেলও চাহিদা অনুযায়ী খুবই সামান্য মিলছে। এতে খোলা তেলের বিক্রি বাড়িয়েছে ব্যবসায়ীরা
ঈদুল ফিতরের আগে থেকেই বাজারে খোলা তেলের কেজি ২০০ টাকা ছাড়িয়েছিলো। ঈদের পর গত কয়েকদিনে সেটি আরো বেড়ে বিভিন্ন বাজারে ২১০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর বোতলজাত তেল লিটার হিসেবে আগের দামে ১৯৫ টাকায় প্রতি লিটার বিক্রি হচ্ছে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, অনেক দোকানেই বোতলজাত সয়াবিন তেল নেই। এই চিত্র অবশ্য দুই একদিনের নয়; ঈদুল ফিতরের আগে থেকেই রাজধানীর বিভিন্ন বাজারের দোকানগুলোতে সয়াবিন তেলের সবরাহে চরম সংকট দেখা যায়। এমনকি সুপারশপগুলো থেকেও এক পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল উধাও হয়ে যায়। ঈদুল ফিতরের পর থেকে অবশ্য সুপারশপগুলো বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। তবে গ্রাহকপ্রতি নির্ধারিত সংখ্যার অধিক বোতলজাত সয়াবিন তেল বিক্রি করছে না তারাও।







