
এশিয়ান গেমস চলাকালীন বেফাঁস মন্তব্য করেছিলেন নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান। তার এমন মন্তব্য নিয়ে তখনই প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ। কোচের এমন মন্তব্য ও মেজাজ দলের ক্রিকেটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে এবার মন্তব্য করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।
বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি বলেও মনে করেন বাবু, ‘তিনি (সারোয়ার ইমরান) বিসিবির চুক্তিবদ্ধ কোচ। সেখানে তিনি এ ধরনের কথা বলতে পারেন না। এটা বলে ফেলেছেন, যা খুবই দুঃখজনক। আমাদের দেখতে হবে দল কীভাবে আরও ভালো খেলবে, কোথায় আমাদের ঘাটতি আছে।’
পরে সারোয়ার ইমরানের সমালোচনা করে বাবু বলেন, ‘কারো কাছ থেকেই কিন্তু বাজে ব্যবহার বা ওই (আচরণ) রকম আশা করি না। উনি (সারোয়ার ইমরান) হয়তো একটু বেশি উগ্র মেজাজী। মানে ব্যবহারের ক্ষেত্রে আমি বলব যে ঠিক করেননি। সেই কারণে মেয়েরা কিন্তু ডিমোরালাইজ থাকত।’







