
বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন বাণিজ্য প্ল্যাটফর্ম আলিবাবা ডটকমের ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় কসমেটিকস, স্কিনকেয়ার, পারসোনাল কেয়ার, হোমকেয়ার ও বেবিকেয়ার পণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।
এ উপলক্ষ্যে আলিবাবার বাংলাদেশি এজেন্ট স্কাইটেক গ্লোবাল লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে আন্তর্জাতিক ক্রেতারা আলিবাবা প্ল্যাটফর্মের মাধ্যমে রিমার্কের বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের পণ্য, প্যাকেজিং সামগ্রী এবং উৎপাদন সংশ্লিষ্ট সেবা সংগ্রহের সুযোগ পাবেন।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর গুলশানে রিমার্কের করপোরেট কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রিমার্কের পক্ষে ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর শুভ কুমার সাহা এবং স্কাইটেক গ্লোবালের চিফ অপারেটিং অফিসার রিদওয়ান আহমেদ চুক্তিতে সই করেন।
এ সময় উপস্থিত ছিলেন রিমার্কের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আরিফুল ইসলাম, রিমার্ক সুপার প্যাক চ্যানেলের প্রধান জয়ন্ত সরকার এবং স্কাইটেক গ্লোবালের অপারেশন ম্যানেজার ফয়সাল মাহমুদ দোলন ও সিনিয়র এক্সিকিউটিভ সাকিব খানসহ আরও অনেকে।
চুক্তির আওতায় প্রাথমিক পর্যায়ে আলিবাবা প্ল্যাটফর্মে রিমার্কের লিলি, নিওর, সিওডিল, স্কিনমিন্ট, অরিক্স, সানবিট, একনল ও লিটল ওয়ানসহ বিভিন্ন ব্র্যান্ডের স্কিনকেয়ার, পারসোনাল কেয়ার, কালার কসমেটিকস, হেয়ার কেয়ার, হোমকেয়ার ও বেবি কেয়ারের এক হাজারের বেশি পণ্য তালিকাভুক্তির প্রক্রিয়া চলছে।
পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানো হবে। পাশাপাশি খুচরা ও পাইকারি অর্ডারের পাশাপাশি কাস্টমাইজড প্যাকেজিং, মোল্ড, বিভিন্ন ধরনের মেশিনারি এবং উৎপাদন সংশ্লিষ্ট সেবাও আন্তর্জাতিক ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।
স্কাইটেক গ্লোবালের সিওও রিদওয়ান আহমেদ বলেন, আলিবাবার সঙ্গে যুক্ত হওয়ার ফলে শুধু তৈরি পণ্য নয়, উৎপাদন ও প্যাকেজিং খাতের আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গেও রিমার্কের ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। বিশেষ করে নিজস্ব ব্র্যান্ডের জন্য কসমেটিকস, স্কিনকেয়ার ও পারসোনাল কেয়ার পণ্য উৎপাদন, কাস্টমাইজড প্যাকেজিং কিংবা সংশ্লিষ্ট শিল্পসেবা নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো আলিবাবার মাধ্যমে রিমার্কের সঙ্গে যোগাযোগ করতে পারবে।







