
ভারতের হায়দরাবাদের বেগমপেট এলাকার একটি দোকান থেকে কেনা সিলবন্ধ কোকাকোলা বোতলের ভেতর ময়লা বা ক্ষতিকর পদার্থ পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয় এক গ্রাহক। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে। খবর সিয়াসাত ডেইলির।
বেগমপেটের ‘হোম নিডস কিরানা অ্যান্ড জেনারেল স্টোর’ থেকে কোকাকোলা বোতলটি কেনা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই গ্রাহককে বলতে শোনা যায়, ‘আমি এই কোকাকোলা বোতলটি কিনেছি এবং যখনই এটি পান করতে যাচ্ছিলাম, তখনই এর ভেতর ময়লা দেখতে পাই। বোতলটির মেয়াদকাল ২০২৭ সাল পর্যন্ত রয়েছে, অথচ দেখুন বোতলের ভেতর থেকে কী বেরিয়ে আসছে।’
দূষিত এই পানীয় পানের ফলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে—এমন শঙ্কা প্রকাশ করে গ্রাহক কোকাকোলা পানীয় নিষিদ্ধ করার দাবি জানান এবং কোম্পানির সমস্ত ড্রিংকস পরীক্ষা করার আহ্বান জানান।
তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সেটা জানা যায়নি।







