রাজধানীতে আয়োজিত ‘ক্লাইমেট ডায়ালগ’ ও ইফতার অনুষ্ঠানে জলবায়ু ক্ষতি মোকাবেলায় কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বক্তারা। বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে চরম মূল্য দিতে হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ক্লাইমেট এ্যাকশন এন্ড জাস্টিজ ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশ-সংকটের ক্রমবর্ধমান ঝুঁকি ও সরকারের করণীয় নিয়ে গুরুত্বারোপ করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুজ্জামান মামুন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি বর্তমানের কঠিন বাস্তবতা।
আব্দুর রহমান জাহাঙ্গীর বলেন, পরিবেশ সুরক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিক সচেতনতা ও সামাজিক আন্দোলনও জরুরি। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ শিক্ষা জোরদার এবং তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন।
রাশেদ উল হক সরকার বলেন, জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পরিসরে জোরালো কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। উন্নত দেশগুলোর কাছ থেকে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন আদায়ে সরকারকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য মেতাহার হোসেন, এস এম রানা, মোহসিনা শাওন, জান্নাত, শর্মী খান, অভিনেতা বিলাশ ও সলিম উল্লাহ মেজবাহসহ অনেকে।







