শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি ও চীনের বিখ্যাত আনহুই নরমাল ইউনিভার্সিটি। সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এই চুক্তির আওতায় প্রতিষ্ঠান দুটি যৌথ গবেষণাগার স্থাপন, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ পিএইচডি কার্যক্রম পরিচালনা করবে। ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার এবং আনহুই নরমাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক জিয়ং ইউজি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আনহুই নরমাল ইউনিভার্সিটির প্রতিনিধিরা ঢাকায় চীনা দূতাবাসের সহায়তায় ব্র্যাক ইউনিভার্সিটিতে একটি ‘কনফুসিয়াস ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেন। ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, এই কোলাবোরেশন গ্লোবাল সাউথের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এবং দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর, ট্রেজারারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।







