
কানাডায় গবেষণা করতে আগ্রহী পিএইচডি ডিগ্রিধারীদের জন্য ফেলোশিপের সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। বিশ্ববিদ্যালয়টির স্কারবোরো ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সর্বোচ্চ তিনটি পোস্টডক্টরাল ফেলোশিপ দেওয়া হবে। এসব ফেলোশিপে দুই বছর পর্যন্ত গবেষণার সুযোগের পাশাপাশি বছরে সর্বোচ্চ ৫৯ হাজার কানাডীয় ডলার অর্থায়ন পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ কর্মসূচিতে কানাডার নাগরিকদের পাশাপাশি আন্তর্জাতিক আবেদনকারীরাও অংশ নিতে পারবেন। পূর্ণ অর্থায়নের আওতায় ফেলোদের বেতন ও চাকরিসংশ্লিষ্ট ব্যয়ের জন্য বছরে ৫৯ হাজার কানাডীয় ডলার দেওয়া হবে। এ ছাড়া আংশিক অর্থায়নের ফেলোশিপও রয়েছে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
ফেলোশিপের জন্য আগ্রহী প্রার্থী ও তাদের সম্ভাব্য তত্ত্বাবধায়কদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আগ্রহ প্রকাশের শেষ সময় ২৭ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট। পূর্ণাঙ্গ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ফল ঘোষণা করা হবে। নির্বাচিতদের ফেলোশিপ শুরু হবে ২০২৭ সালের ১ মে থেকে ২০২৮ সালের ১৫ জানুয়ারির মধ্যে।







