
প্রাণনাশের হুমকি ও হামলার আশঙ্কায় বলিউডের একাধিক তারকার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ভারতের কেন্দ্র ও রাজ্য সরকার। শাহরুখ খান ও সালমান খান পেয়েছেন ওয়াই-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। কঙ্গনা রানাউটের নিরাপত্তাও একই শ্রেণির। অন্যদিকে, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার ও অনুপম খের রয়েছেন এক্স ক্যাটাগরির নিরাপত্তাব্যবস্থায়। তারকাদের নিরাপত্তার ধরন নির্ধারণ করা হয় তাদের জন্য সম্ভাব্য ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে।
সম্প্রতি মুম্বাইয়ের জুহুতে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনার পর তার বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। একইভাবে, নির্মাতা রোহিত শেঠির বাসভবনের কাছে গুলির ঘটনার পর ওই এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া নির্দিষ্ট হুমকির তথ্য পাওয়ার পর আমির খানের বাসভবনেও সাময়িকভাবে নিরাপত্তা বাড়ানো হয়েছিল।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলিউড তারকাদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী-
সালমান ও শাহরুখ
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে হুমকি পাওয়ার পর ২০২২ সালের নভেম্বরে সালমান খানের নিরাপত্তা ওয়াই-প্লাস ক্যাটাগরিতে উন্নীত করে মহারাষ্ট্র সরকার। তার নিরাপত্তায় প্রায় ১১ থেকে ১২ জন মুম্বাই পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে চারজন সশস্ত্র কমান্ডো রয়েছেন, যারা তার সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকেন। এ ছাড়া উন্নত অস্ত্র পরিচালনায় প্রশিক্ষিত একজন পুলিশ সদস্যও তার নিরাপত্তাব্যবস্থায় রয়েছেন। ২০২৪ সালের অক্টোবরে রাজনীতিক বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পর সালমানের নিরাপত্তা আরও জোরদার করা হয়।
অন্যদিকে, ২০২৩ সালের অক্টোবরে শাহরুখ খানের নিরাপত্তাও ওয়াই-প্লাস ক্যাটাগরিতে উন্নীত করা হয়। ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গান নিয়ে বিতর্কের পর প্রাণনাশের হুমকি পাওয়ায় তিনি মহারাষ্ট্র সরকারের কাছে নিরাপত্তা চেয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শাহরুখ নিজের নিরাপত্তার খরচ বহন করেন বলেও জানানো হয়েছে।







