
অভিনেতা হিসেবে দর্শকের প্রশংসা ও স্বীকৃতি পেয়েছেন আগেই। এবার ক্যামেরার সামনে অভিনয়ের পাশাপাশি পর্দার পেছনেও নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। কবির খান পরিচালিত ‘লড়াকু’ সিনেমার মধ্য দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। অভিনয়জীবনের পরিচিত গণ্ডি পেরিয়ে এটি হতে যাচ্ছে কার্তিকের ক্যারিয়ারের নতুন অধ্যায়।
নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ‘লড়াকু’ একজন মানুষের উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা ও আশার গল্প। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিকে পারিবারিক বিনোদনমূলক ছবি হিসেবে তুলে ধরছেন সংশ্লিষ্টরা। তবে এতে কারা অভিনয় করছেন, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি। ফলে ছবির অভিনয়শিল্পীদের তালিকা জানতে দর্শকদের আরও অপেক্ষা করতে হবে।
অন্যদিকে ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমাতেও নজর কেড়েছিলেন কার্তিক। তার অভিনয় নিয়ে দর্শকের মধ্যে ইতিবাচক আলোচনা হয়। বিশেষ করে চরিত্রটিতে তার অভিনয়ের সঙ্গে অক্ষয় কুমারের অভিনয়ের তুলনাও টেনেছিলেন অনেকে। তবে ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘তু মেরি মে তেরা’ বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি।







