কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে মানবসেবামূলক সংগঠন আল হায়াহ ব্লাড ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) কালিহাতীর আউলিয়াবাদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি মনোনীত উপজেলা চেয়ারম্যান মেহেদী হাসান বিন সিদ্দিক। অনুষ্ঠানে তিনি সংগঠনের বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এসব কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে রক্তদান ও মানবসেবার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, একজন মানুষের প্রয়োজনে সময়মতো রক্তের ব্যবস্থা করা অনেক সময় তার জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই স্বেচ্ছায় রক্তদান ও মানবিক কর্মকাণ্ডে সমাজের তরুণদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিশুদের হাতেও সম্মাননা ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, মানবিক মূল্যবোধ এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের প্রসারে আল হায়াহ ব্লাড ফাউন্ডেশনের ভূমিকা তুলে ধরা হয় অনুষ্ঠানে। সংগঠনটির সদস্য ও স্বেচ্ছাসেবকেরা ভবিষ্যতেও মানুষের প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী, অতিথি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।







