কক্সবাজারের মহেশখালী উপজেলার ৩ নম্বর কালারমারছড়া ইউনিয়নে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ। বৃহস্পতিবার (২১ মে) কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১ হাজার পরিবারের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের অর্থায়নে উপকূলীয় ও দুর্গম এলাকার দরিদ্র জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এর আগে সংস্থাটি রোহিঙ্গা ক্যাম্প ও হোস্ট কমিউনিটিসহ প্রায় ৩২ হাজার সুবিধাভোগীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে।
ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী ও প্রধান শিক্ষক আমান উল্লাহর উপস্থিতিতে বিতরণকালে আইএসডিই-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রকৃত সুবিধাভোগীদের মাঝে সুষ্ঠুভাবে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে এবং তা ভবিষ্যতেও চলমান থাকবে।







