
সিএনএন ছাড়ার ঘোষণা দিয়েছেন ‘সিএনএন লিজেন্ড’ খ্যাত কিংবদন্তি সাংবাদিক এবং নেটওয়ার্কটির চিফ ইন্টারন্যাশনাল অ্যাঙ্কর ক্রিশ্চিয়ান আমানপুর। আগামী জুনে সংস্থাটির সঙ্গে ৪৩ বছরের সম্পর্কে ইতি টানছেন আমানপুর।
এ বিষয়ে ক্রিশ্চিয়ান আমানপুর বলেন, ‘অনেক মাসের চিন্তা এবং বেশ কয়েকটি ঘুমহীন রাতের পর, আমি আমার ৪৩ বছরের সঙ্গী সিএনএনের চমৎকার সময় থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
সামনে নতুন আর আকর্ষণীয় কাজের জন্য মুখিয়ে আছেন উল্লেখ করে ৬৮ বছর বয়সী এ কিংবদন্তী জানান, স্বাধীন সাংবাদিকতার ইতিহাস বজায় রাখতে সিএনএন-এর পক্ষে সব সময় সমর্থন জানিয়ে যাব। মনে রাখবেন ‘সব সময় সত্যনিষ্ঠ হবেন, নিরপেক্ষ নয়।’
আন্তর্জাতিক সংবাদদাতা হিসেবে পরিচিত আমানপুর ২০০৯ সাল থেকে সিএনএন ইন্টারন্যাশনালে ‘আমানপুর’ নামে রাতের সাক্ষাৎকার অনুষ্ঠান পরিচালনা করে আসছেন।
সিএনএন-এর সঙ্গে পথচলা গুটিয়ে নিতে ও নতুন কিছু শুরুর পরিকল্পনায় ২০২৫ সালের জানুয়ারি থেকেই তিনি তার অনুষ্ঠানটি সপ্তাহে কয়েকদিনে নামিয়ে আনেন। যেটি আবার ২০২৭ সালের জানুয়ারিতে আরো কমিয়ে সপ্তাহে এক দিন সঞ্চালনা করবেন। আমানপুরের ওই অনুষ্ঠানটি মে মাসে গিয়ে শেষ হবে। কবে চাকরি ছাড়ার আগ পর্যন্ত অর্থাৎ জুন পর্যন্ত তিনি সিএনএনে রিপোর্টিং করে যাবেন।
সোমবার সকালে সহকর্মীদের পাঠানো এক স্মারকপত্রে সিএনএন-এর চেয়ারম্যান মার্ক থম্পসন আমানপুরের এই সিদ্ধান্তের কথা জানান।
থম্পসন লেখেন, ‘ক্রিশ্চিয়ান এই সিদ্ধান্তটি খুব ভেবেচিন্তেই নিয়েছেন এবং তিনি ও আমি কয়েক মাস ধরে এ নিয়ে আলোচনা করছি। আজ যারা এই খবর শুনবেন, সেই সব অজস্র সিএনএন কর্মীদের মতো আমিও তার চলে যাওয়ায় গভীরভাবে দুঃখিত, তবে আমি মেনে নিয়েছি যে ব্যক্তি ও পেশাগত—উভয় দিক থেকেই তার জন্য এটিই সঠিক সময়।’
বিবৃতিতে আমানপুর বলেন, ‘এই অবিশ্বাস্য যাত্রাপথে আমি যাদের সাথে কাজ করেছি, সেইসব দারুণ মেধাবী মানুষদের ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে আমার প্রিয় শো-এর টিম এবং ফিল্ড ক্রুদের।’
তিনি বলেন, ‘আমার প্রথম বড় ও রোমাঞ্চকর অ্যাসাইনমেন্ট—প্রথম উপসাগরীয় যুদ্ধ কভার করা থেকে শুরু করে বসনিয়া যুদ্ধ, রুয়ান্ডা, আফগানিস্তান, ইউক্রেন ও ইরানের ভয়াবহতা এবং এর মধ্যবর্তী সব জায়গায়—টিম এবং আমাদের পারস্পরিক সহমর্মিতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কারণ আমরা সবাই মিলে ভয় বা পক্ষপাত ছাড়া তথ্য, প্রমাণ এবং মানবিকতা খুঁজে বের করার লড়াই করেছি, যাতে সিএনএন সব সময় বিশ্ব সম্পর্কে এবং বিশ্বের কাছে সত্য তুলে ধরতে পারে।’
উল্লেখ্য, পিবিএস-এ প্রচারিত ক্রিশ্চিয়ান আমানপুরের অনুষ্ঠান ‘আমানপুর অ্যান্ড কোম্পানি’ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। আর বিবৃতিতে তিনি জানিয়েছেন, প্রাক্তন স্বামী জেমি রুবিনের সঙ্গে যৌথভাবে গ্লোবালের প্রযোজনায় প্রচারিত পডকাস্ট ‘দ্য এক্স ফাইলস’ শো অব্যাহত রাখবেন।







