
জুমার খুতবার বিষয়বস্তু মনোযোগ দিয়ে শোনা, বোঝা এবং তা জীবনে বাস্তবায়নের প্রতি মুসল্লিদের আগ্রহ বাড়াতে কুয়েতে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী কুইজ প্রতিযোগিতা। প্রবাসীদের মাতৃভাষায় খুতবা শোনার সুযোগকে আরও কার্যকর করতেই মূলত এই চমৎকার উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর কুয়েতের মুরুর আসেমা এলাকার ‘মসজিদ আহমাদ নাজেম’-এ বাংলাদেশি প্রবাসীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় অংশ নেন মুসল্লিরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
কুয়েতের ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দেশটির প্রায় শতাধিক মসজিদে আরবির পাশাপাশি বিভিন্ন ভাষায় জুমা ও ঈদের খুতবার ব্যবস্থা রয়েছে। বাংলা, হিন্দি, উর্দু, মালয়ালাম, তেলেগু, তামিল, সিংহলি, পশতু, তাগালগ, ইংরেজি, ইন্দোনেশীয়, ফারসি, চীনা ও ইউনিসমোরু ভাষায়ও সেখানে খুতবা দেওয়া হয়।
আয়োজকেরা জানান, প্রতিযোগিতার জন্য সফর ও রবিউল আউয়াল মাসের ছয়টি জুমার খুতবার বিষয় নির্বাচন করে প্রশ্নোত্তর প্রস্তুত করা হয়। প্রতিযোগিতার আগে এসব প্রশ্নোত্তর মুসল্লিদের মধ্যে বিতরণ করা হয়।
কুইজটি পরিচালনা করেন মসজিদের নিয়মিত মুসল্লি প্রকৌশলী এস এম শিহাবুদ্দীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের অধীনে নিয়োজিত খতিব মাওলানা মামুনুর রশীদ ও হাফেজ মুহি উদ্দীন।
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে মুসল্লিদের জুমার খুতবা মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি খুতবার বিষয়বস্তু নিয়ে পড়াশোনা ও তা জীবনে বাস্তবায়নের আগ্রহ বাড়বে। প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যেও ইসলামি জ্ঞানচর্চাকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।







