
এমন পরিস্থিতি সর্বশেষ কবে দেখেছে ক্রিকেট বিশ্ব, প্রথম রাউন্ডের সীমানা টপকে পরের রাউন্ডে যাওয়ার জন্য দুই ম্যাচ আগেই নানা রকমের হিসাব–নিকাশ করতে হচ্ছে অস্ট্রেলিয়াকে! এ বিশ্বকাপের এখন পর্যন্ত একমাত্র অঘটন, জিম্বাবুয়ের কাছে তাদের ২৩ রানের হারই অস্ট্রেলিয়াকে ফেলেছে এমন পরিস্থিতিতে। বিশ্বকাপের সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে কী করতে হবে অস্ট্রেলিয়াকে অথবা কোন ম্যাচে কী ঘটলে টিকে থাকবে অস্ট্রেলিয়া—এসব হিসাব কষতে হচ্ছে দলটিকে।
সোজা কোনো পথ নেই অস্ট্রেলিয়ার হাতে। অস্ট্রেলিয়ার হাতে আছে আর দুটি ম্যাচ, যে দুই ম্যাচের প্রথমটি আজ পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কাকে হারানোর পর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া যদি ওমানের বিপক্ষে জেতেও, তাহলেও নিশ্চিত নয় তাদের সুপার এইট। দুটি ম্যাচ জেতার পর তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর ম্যাচের দিকে। হিসাব না মিললে ২০০৯ সালের পর প্রথমবার টি–টুয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্ব থেকেই বিদায় নেবে সাবেক চ্যাম্পিয়নরা।








