
ফ্রান্সের জার্সিতে আর দেখা যাবে না এনগোলো কান্তেকে? জাতীয় দলের নতুন কোচ জিনেদিন জিদানের কথায় তেমনই ইঙ্গিত মিলেছে। ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডারকে প্রথম দলেই রাখেননি জিদান। বরং তার বয়সের প্রসঙ্গ টেনে ফ্রান্স দলে তরুণদের সুযোগ দেওয়ার পরিকল্পনার কথাই জানিয়েছেন নতুন কোচ।
জিদান বলেন, ‘আমি তাকে দলে ডাকিনি। এটা আমার সিদ্ধান্ত। এমন কিছু খেলোয়াড় আছে, যারা দলকে আরও এগিয়ে নিতে পারে। বিষয়টি তার সামর্থ্যের সঙ্গে সম্পর্কিত নয়। সে ছিল আদর্শ একজন খেলোয়াড়। কিন্তু তার বয়স ৩৫, আর এই দলের দায়িত্বে আমি চার বছর থাকব। আমাকে কিছু সিদ্ধান্ত নিতেই হবে।’
কান্তে ফ্রান্সের হয়ে খেলেছেন ৬৯টি ম্যাচ। ২০১৮ সালে বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০২৬ বিশ্বকাপেও দিদিয়ের দেশমের দলে ছিলেন এই মিডফিল্ডার। তবে টুর্নামেন্টে এক মিনিটও মাঠে নামার সুযোগ পাননি তিনি। বিশ্বকাপের পর কোচের দায়িত্ব ছেড়েছেন দেশম, তার জায়গায় এসেছেন জিদান।
জিদানের অধীনে ফ্রান্সের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর, তুরস্কের বিপক্ষে। এরপর নেশনস লিগে বেলজিয়াম ও ইতালির মুখোমুখি হবে ফরাসিরা। নতুন কোচের প্রথম দলেই কান্তে ও বেনজেমার অনুপস্থিতি স্পষ্ট করে দিয়েছে, সামনের চার বছরের পরিকল্পনায় তরুণদের এগিয়ে রাখবেন জিদান।







