
প্রায় ৮ বছর পর বাংলাদেশে ফিরেছে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ এই আসরে মূল দল পাঠাতে চাইছে না ভারত। বিষয়টি উঠে এসেছে টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে।
মূল দল পাঠাতে না চাওয়ার কারণ তাদের সূচি। আগামী নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ আছে তাদের। সেই সিরিজকে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের চেয়ে বেশি গুরুত্ব দিতে যাচ্ছে ভারত।
প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য নিজেদের মূল দল পাঠাতে পারে ভারত। এদিকে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে অনূর্ধ্ব-২৩ দল বা রিজার্ভ খেলোয়াড়ে ভরা একটি দল পাঠানো হতে পারে।
এই সিদ্ধান্তের পেছনে কারণ সূচির সংঘর্ষ। সাফ চ্যাম্পিয়নশিপ চলবে ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত। আর ফিফার আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে ৭ নভেম্বর থেকে।
জানা গেছে, ভারতের কোচ খালিদ জামিল চান, নিউজিল্যান্ডের বিপক্ষে তার সবচেয়ে শক্তিশালী দলটিই মাঠে নামুক। নিউজিল্যান্ড ২০২৬ বিশ্বকাপে খেলেছে। জামিল মনে করেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলা জাতীয় দলের জন্য উপকারী হবে।
টাইমস অব ইন্ডিয়াকে জামিল বলেন, ‘যখন ফিফা বিশ্বকাপে খেলা দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তাব এল, তখন আমি ফেডারেশনের সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছি।’
এই সিদ্ধান্ত সাফ চ্যাম্পিয়নশিপে বড় প্রভাব ফেলতে পারে। বর্তমান চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তানের। অন্য গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা ও ভুটান।







