
মেক্সিকান ফুটবলের বিস্ময় বালক গিলবার্তো মোরা তার ছোট্ট ক্যারিয়ারেই অন্যতম বড় সম্মাননা পেয়ে গেলেন। অ্যাডিডাসের সঙ্গে মেসি+১০-এর প্রচারণার জন্য বিশ্বের সেরা দশ উদীয়মান তারকার তালিকায় তাকে রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
বিশ্বের সেরা ফুটবলারের কাছ থেকে স্বীকৃতি পাওয়াই অনেক বড় ব্যাপার। কিন্তু জোলোস দে তিজুয়ানার মিডফিল্ডার যা কল্পনাও করেননি, তা-ই ঘটে গেল। ওই স্বীকৃতির অংশ হিসেবে মেসির কাছ থেকে একটি বিশেষ উপহার হিসেবে বুট পেয়েছেন মোরা।
‘ফুটবল ই ফ্যামিলিয়া’ সংস্করণের অ্যাডিডাস এফ৫০ এক জোড়া ক্লিটস (বুট) পেয়েছেন মোরা, যাতে রয়েছে গোলাপি, সাদা ও কালো রঙয়ের মিশ্রণ। এই বুটের জিহ্বার অংশে মেসির অফিসিয়াল লোগো একে তরুণ ফুটবল তারকার জন্য আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

একদিকে বিশ্বের সেরা উদীয়মান তারকার স্বীকৃতি, আবার মেসির লোগোসহ বুট। উপহারটি পেয়ে মোরা নিজেকে ধরে রাখতে পারেননি। নিজের আনন্দ আর উত্তেজনা ভক্ত-সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন।
গত ১৪ অক্টোবর ১৮ বছর পূর্ণ হয়েছে মোরার। ইউরোপিয়ান ফুটবলের দুয়ারও খুলে গেছে। মেসির চোখে সম্ভাবনাময়ী এই খেলোয়াড়কে নিয়ে গুঞ্জন চলছে, লিভারপুলে যোগ দিচ্ছেন তিনি। সবশেষ বিশ্বকাপেও মেক্সিকোর জার্সিতে ছাপ রাখেন মোরা।






