
দেশের কৃষি খাতকে আরও গতিশীল ও রপ্তানিমুখী করার পাশাপাশি কৃষিজাত পণ্যের আমদানি নির্ভরতা কমানোর প্রত্যয় ব্যক্ত করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠকে। বৈঠকে মাটির স্বাস্থ্য রক্ষা, রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার রোধ এবং স্বচ্ছতা আনতে জারি করা নতুন নীতিমালার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্যরা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচিতি পর্বের পর কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর সংস্থাসমূহের জনবল, দপ্তর সংস্থাসমূহের কার্যাবলি এবং মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জনসমূহ, কৃষিতে চ্যালেঞ্জ এবং মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্তভাবে অবহিত করা হয়।
বৈঠকে উপস্থিত হয়ে কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কৃষি এগিয়ে গেলেই দেশ এগিয়ে যাবে এবং কৃষক শক্তিশালী হলে দেশের ভিত্তি মজবুত হবে। তিনি আদা, মরিচ, টমেটো ও পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে দেশে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং তা রপ্তানির সুযোগ সৃষ্টির ওপর জোর দেন।
সরকারই প্রথম মাটির গুণগত মান রক্ষার বিষয়ে জোর উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি জানান, সম্প্রতি সারের ডিলার নিয়োগে শতভাগ স্বচ্ছতা আনতে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা- ২০২৬’ জারি করা হয়েছে।
বৈঠকে অংশ নেওয়া উপস্থিত সকলে ফসল ও মাটিতে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহারে গভীর উদ্বেগ প্রকাশ করেন। প্রথাগতভাবে সার ও কীটনাশক ছিটারোর বদলে জৈব সারের ব্যবহার বাড়িয়ে মাটির গুণগত মান ধরে রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর কৃষক পর্যায়ে রেকর্ড পরিমাণ সার সরবরাহ করা হয়েছে।
সমাপনী বক্তব্যে সভাপতি মো. শাহাদাত হোসেন বলেন, সরকারের সার্বিক সাফল্যের ওপর কৃষি মন্ত্রণালয়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে তিনি সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
বৈঠকে কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম এমপি, মো. মোস্তাফিজুর রহমান এমপি, মো. রোকন উদ্দীন বাবুল এমপি, মো. মুজিবুর রহমান চৌধুরী এমপি, মোছা. সাবিরা সুলতানা এমপি, মো. গোলাম রছুল এমপি এবং মো. আব্দুল বারী সরদার এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থাসমূহের প্রধানরাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷
এসআর/এমএসআই/আরএফ







