
শীতের পর্যটন মৌসুম সামনে রেখে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রের হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে নানা ধরনের অফার দেওয়া হচ্ছে। ঢাকায় শুরু হওয়া ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে এ চিত্র দেখা গেছে। মেলায় অংশ নেওয়া বিভিন্ন হোটেল-মোটেল ও পর্যটন প্রতিষ্ঠানের স্টলে স্পট বুকিংয়ে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ রাখা হয়েছে। ভ্রমণ প্রত্যাশীরা মেলা থেকেই পছন্দের হোটেল বা রিসোর্টে বুকিং দেওয়ার সুযোগ পাচ্ছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। মেলার প্রথম দিন সরেজমিনে ঘুরে দেখা যায়, বিভিন্ন হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্টলে দর্শনার্থীদের আনাগোনা রয়েছে। বিশেষ করে স্পট বুকিংয়ে ছাড় ও বিভিন্ন অফার সম্পর্কে জানতে স্টলগুলোতে আগ্রহ দেখাচ্ছেন অনেকে।
মেলায় অংশ নেওয়া অধিকাংশ হোটেল-মোটেল ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের স্টলেই সরাসরি বুকিংয়ের ব্যবস্থা রেখেছে। দর্শনার্থীরা এসব স্টল থেকে বিভিন্ন পর্যটনকেন্দ্রে থাকার ব্যবস্থা, রুমের ধরন, বুকিং সুবিধা ও ছাড় সম্পর্কে তথ্য নিচ্ছেন। প্রতিষ্ঠানভেদে মেলা চলাকালে সরাসরি বুকিংয়ের ক্ষেত্রে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়।
মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, শীতের ভ্রমণ মৌসুমকে সামনে রেখে প্রতিষ্ঠানগুলো নিজেদের সেবা ও অফার তুলে ধরছে। দেশের বিভিন্ন পর্যটন এলাকার হোটেল ও রিসোর্টের পাশাপাশি ট্যুর প্যাকেজ ও অন্যান্য পর্যটন সেবার প্রচারও চলছে। অনেক প্রতিষ্ঠানই মেলায় সরাসরি বুকিং করলে বিশেষ সুবিধা দেওয়ার কথা জানাচ্ছে।
মেলায় অংশ নেওয়া মেরিন ব্লু হোটেলের সিইউও মুজাহিদুল ইসলাম বলেন, তাদের পক্ষ থেকেও স্পট বুকিংয়ে বিশেষ ছাড়ের সুযোগ রাখা হয়েছে। নভেম্বর মাস পর্যন্ত বিভিন্ন সুবিধা দেওয়া হবে। এ ছাড়া রুফটপ সুবিধাও রয়েছে।
তিনি বলেন, শীতের মৌসুমকে সামনে রেখে পর্যটকদের আগ্রহ বাড়াতে বিভিন্ন অফার দেওয়া হচ্ছে। যারা আগাম ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা মেলায় এসে একসঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ও অফার সম্পর্কে জানতে পারছেন। পছন্দ অনুযায়ী সরাসরি বুকিংয়ের সুযোগও রাখা হয়েছে।
মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যেও হোটেল ও রিসোর্টের অফার নিয়ে আগ্রহ দেখা গেছে। কেউ পরিবার নিয়ে, আবার কেউ বন্ধু বা পরিচিতদের সঙ্গে মেলায় এসেছেন। তাদের অনেকে বিভিন্ন পর্যটনকেন্দ্রে থাকার ব্যবস্থা ও সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে সংশ্লিষ্ট স্টলে খোঁজ নিচ্ছেন। কেউ কেউ মেলা থেকেই পছন্দের হোটেল বা রিসোর্টে বুকিং দেওয়ার বিষয়ে আলোচনা করছেন।
এদিকে মেলায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে একটি স্টল দেওয়া হয়েছে। সেখানে ৫০ টাকায় এক বছর মেয়াদি ২০ শতাংশ ছাড়ের কার্ড পাওয়া যাচ্ছে। মেলা থেকে কার্ডটি কেনার পরবর্তী এক বছর পর্যন্ত বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হোটেল ও মোটেলগুলোতে রুম ভাড়ায় এ ছাড় নেওয়া যাবে।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এ ট্যুরিজম ফেয়ার চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। এতে বাংলাদেশসহ ১০টি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ৩০০টি বুথে অংশ নিচ্ছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদনে এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এতে হোটেল, রিসোর্ট, এয়ারলাইনস, ক্রুজ কোম্পানি, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, পর্যটন প্রতিষ্ঠান, সরকারি পর্যটন সংস্থা এবং ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন অংশ নিচ্ছে।







