রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে উপজেলা ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশন-এর (ভিসিপিও) উদ্যোগে একটি নিয়মিত বৈঠক ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তর ও হর্টেক্স ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় এই সভাটি অনুষ্ঠিত হয়।
এতে মোট ১১টি কৃষক গ্রুপ থেকে ৫৪ জন সদস্য অংশগ্রহণ করেন। এই কৃষক সংগঠনটি মূলত কৃষকদের সংগঠিত করা এবং তাদের উৎপাদিত পণ্যের ভ্যালু চেইন তৈরিতে কাজ করে।
সভায় আলু ফসলের ভ্যালু চেইন উন্নয়নের ওপর জোর দেওয়া হয়। কৃষকরা প্রায়শই মধ্যস্বত্বভোগীদের কারণে ন্যায্য দাম থেকে বঞ্চিত হন উল্লেখ করে একজন কৃষক নেতা বলেন, “আমরা আলু চাষ করে ভালো ফলন পেলেও দাম পাই না”। এই সমস্যা মোকাবিলায় কৃষি বিপণন অধিদপ্তর ও স্থানীয় কৃষকদের মধ্যে সমন্বয় জোরদার করার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ এবং সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো: শাহজালাল ইসলাম।







