
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের নাম ও ভুয়া পরিচয় ব্যবহার করে মোবাইলে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) চেয়ে প্রতারণার অভিযোগ পাওয়ার পর এই নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দূতাবাসের কনস্যুলার শাখা থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় বিষয়টি জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, মো. বাবুর ইসলাম চৌধুরী নামের এক ব্যক্তি বিভিন্ন মোবাইল নম্বর থেকে কল করে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা পরিচয় দিচ্ছেন। তিনি ভ্যাকসিনের সিরিয়াল দেওয়ার নাম করে প্রবাসীদের কাছ থেকে ওটিপি সংগ্রহের চেষ্টা করছেন বলে দূতাবাসের নজরে এসেছে। তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, মো. বাবুর ইসলাম চৌধুরী নামে বাংলাদেশ দূতাবাস, প্যারিসে কোনো ব্যক্তি কর্মরত নন।
দূতাবাস জানিয়েছে, তারা টিকা বা ভ্যাকসিন প্রদানসংক্রান্ত কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত নয়। এছাড়া দূতাবাসের নাম ব্যবহার করে বিভিন্ন সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফোন, ইমো ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রবাসীদের সঙ্গে যোগাযোগের বিষয়টিও তাদের নজরে এসেছে।
পাসপোর্ট, ব্যাংক ও এনআইডির তথ্য শেয়ার না করার পরামর্শ
ফ্রান্সে বসবাসরত সব বাংলাদেশিকে ফোনে অচেনা বা সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে পাসপোর্টের তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর কিংবা কোনো ধরনের ওটিপি শেয়ার না করার অনুরোধ জানিয়েছে দূতাবাস। কোনো সন্দেহজনক নম্বর থেকে কল এলে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে সেই নম্বরটি ব্লক করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের পরিচয় ব্যবহার করে কোনো প্রতারণার চেষ্টা বা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য জানা থাকলে তা তাৎক্ষণিকভাবে ইমেইলের (mission.paris@mofa.gov.bd) মাধ্যমে প্যারিস দূতাবাসকে জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে।






