
চট্টগ্রাম বন্দরের মূল নেভিগেশনাল চ্যানেল ও বহির্নোঙর এলাকায় জাহাজ চলাচলের পথে মাছ ধরার জাল স্থাপন ঠেকাতে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ সময় স্থানীয় জেলে ও নৌযানচালকদের জাহাজ চলাচলের পথে জাল না ফেলার বিষয়ে সতর্ক করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বন্দরের মূল নেভিগেশনাল চ্যানেল ও বহির্নোঙর এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। এতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাণ্ডারি-৮ ও দুটি স্থানীয় বোট এবং বাংলাদেশ কোস্টগার্ডের একটি জাহাজ ও একটি বোট অংশ নেয়।
কার্যক্রম চলাকালে নেভিগেশনাল চ্যানেল ও জাহাজ চলাচলের পথে মাছ ধরার জাল স্থাপনের কারণে সৃষ্ট সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে স্থানীয় মাঝি-মাল্লা ও জেলেদের অবহিত করা হয়। বিশেষ করে বেহুন্দি জালসহ অন্যান্য অবৈধ জাল দ্রুত অপসারণ এবং ভবিষ্যতে জাহাজ চলাচলের পথে কোনো ধরনের জাল না ফেলার জন্য তাদের সতর্ক করা হয়।
এ সময় স্থানীয় জেলে ও নৌযানচালকদের মধ্যে নিরাপদ নেভিগেশন বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি নির্ধারিত নৌপথ, নেভিগেশনাল চ্যানেল ও বহির্নোঙর এলাকায় দায়িত্বশীলভাবে নৌযান পরিচালনা এবং বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়







