
প্রতিটি রেফ্রিজারেটরেরই একটি গল্প থাকে। যেমন- অনেকদিন আগে রেখে দেওয়া ডালের পাত্র, জ্যামের বয়াম থেকে লেগে থাকা আঠালো দাগ, কিংবা গত সপ্তাহের দুধ উপচে পড়ার চিহ্ন। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো দাগ, খাবারের অবশিষ্টাংশ এবং এক ধরনের বাসি গন্ধ তৈরি করে, যা ফ্রিজের ভেতরের সবকিছুর মধ্যেই ছড়িয়ে পড়ে
ফ্রিজ খালি করুন এবং কী কী ফেলে দেওয়া প্রয়োজন তা দেখে নিন
প্রথমে ফ্রিজটি বন্ধ করে দিন অথবা তাপমাত্রা কমিয়ে দিন, এরপর ভেতরের সবকিছু বের করে ফেলুন। দুধ, দই বা মাংসের মতো দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এমন খাবারগুলো একটি কুলার বা ইনসুলেটেড ব্যাগে রাখুন, যাতে পরিষ্কার করার সময় সেগুলো ঠান্ডা থাকে।
সেলফ ও ড্রয়ারগুলো বের করে ধুয়ে ফেলুন
ফ্রিজের তাক, ট্রে এবং সবজি রাখার ড্রয়ারগুলো বের করে নিন। কাঁচের তাকগুলো ধোয়ার আগে সেগুলোকে স্বাভাবিক তাপমাত্রায় আসতে দিন; কারণ ঠান্ডা কাঁচ হঠাৎ গরম পানির সংস্পর্শে এলে ফেটে যেতে পারে।
ভেতরের দেয়াল ও দরজার সিল (গ্যাসকেট) মুছে নিন
এক লিটার উষ্ণ পানিতে এক বা দুই টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এই মিশ্রণটি ব্যবহার করে একটি নরম কাপড় দিয়ে ফ্রিজের ভেতরের দেয়াল, ছাদ এবং নিচের অংশ ভালো করে মুছে ফেলুন।
বেকিং সোডা খুব মৃদু উপাদানে তৈরি, যা দাগ দূর করতে এবং দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। দরজার রাবারের সিল বা গ্যাসকেট পরিষ্কার করতে ভুলবেন না; কারণ এর ভাঁজে খাবারের টুকরো বা তরল জমে থাকতে পারে। সাবান-পানিতে ভেজানো কাপড় বা পুরোনো টুথব্রাশ দিয়ে এটি পরিষ্কার করুন। সবশেষে একটি ভেজা কাপড় দিয়ে মুছে নিন যাতে কোনো অবশিষ্টাংশ না থাকে এবং সবশেষে সবকিছু ভালোভাবে শুকিয়ে নিন। তীব্র রাসায়নিক ক্লিনার ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ এগুলো দুর্গন্ধ সৃষ্টি করতে পারে এবং ফ্রিজের প্লাস্টিকের অংশগুলোর ক্ষতি করতে পারে।
দুর্গন্ধ ও জেদি দাগ দূর করা
যদি দুর্গন্ধ থেকে যায়, তবে কিছু সহজ কৌশল অবলম্বন করতে পারেন। ফ্রিজের কোনো তাকে বেকিং সোডা ভর্তি একটি খোলা বাক্স বা ছোট বাটি রেখে দিন। এছাড়া, ব্যবহৃত কফির গুঁড়া বা এক টুকরো কাঠকয়লা রেখে দিলেও তা দুর্গন্ধ শুষে নেবে।
জেদি দাগের ক্ষেত্রে, বেকিং সোডার সাথে সামান্য পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এবং দাগের ওপর লাগিয়ে রাখুন। দশ থেকে পনেরো মিনিট পর একটি ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। এছাড়া সামান্য সাদা ভিনেগার পানি দিয়ে পাতলা করে নিয়ে তা দিয়েও পৃষ্ঠতল পরিষ্কার করা যায়; তবে এরপর ভালো করে মুছে নিন বা ধুয়ে ফেলুন, যাতে ভিনেগারের গন্ধ না থেকে যায়।
শুকানো, পুনরায় সাজানো এবং সতেজ রাখা
সবকিছু শুকিয়ে গেলে তাক ও ড্রয়ারগুলো যথাস্থানে বসিয়ে দিন এবং ফ্রিজটি আবার চালু করুন। খাবার রাখার আগে ফ্রিজটি ভালোভাবে ঠান্ডা হতে দিন। কাঁচা মাংস সবসময় সবচেয়ে নিচের তাকে, একটি ঢাকা পাত্রে রাখুন, যাতে এর রস বা পানি অন্য খাবারের ওপর না পড়ে।
অবশিষ্ট খাবার এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন এবং পাত্রের গায়ে তারিখ লিখে রাখুন। কোনো কিছু পড়ে গেলে সঙ্গে সঙ্গে মুছে ফেলুন। প্রতি সপ্তাহে একবার ফ্রিজটি পরীক্ষা করুন এবং পুরনো বা নষ্ট খাবার সরিয়ে ফেলুন। মাঝে মাঝে ফ্রিজের বাইরের অংশ, হাতল এবং পেছনের কয়েল বা এর আশপাশের ধুলোবালিও পরিষ্কার করুন।







